দ্বীপজেলা ভোলার সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর ফেরিঘাটে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন উপদেষ্টা শেখ রবিউল আলম। গত ২৭ আগস্ট থেকে এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছিল।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি এই রুটে চলাচল করবে। কাঁচপুর থেকে ইলিশা পৌঁছাতে ফেরিগুলোর সময় লাগবে আনুমানিক সাত থেকে আট ঘণ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা শেখ রবিউল আলম বলেন, ‘ভোলা একটি দ্বীপাঞ্চল হওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে আরও কয়েক বছর সময় লাগবে। এই অন্তর্বর্তী সময়ে কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিস ভোলার মানুষের জন্য একটি প্রয়োজনীয় ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ফেরি সেবার মান বাড়ানো এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে এই রুটে মানুষের চাহিদা বাড়লে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও উৎসাহিত করা হবে। ঢাকার সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ নিশ্চিত করতে একটি প্রকল্প প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নৌপরিবহন খাতের লোকসান প্রসঙ্গে উপদেষ্টা জানান, গত ১০ বছরে এ খাতে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে, যার অন্যতম কারণ যাত্রী সংকট। নৌপথকে যাত্রীবান্ধব ও দূষণমুক্ত করা গেলে মানুষের আগ্রহ বাড়বে। প্রয়োজনে সড়কপথের সঙ্গে সমন্বয় করে ওয়াটার বাস সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচপুর-ইলিশা রুটে ফেরিগুলো বিরতিহীনভাবে চলাচল করবে। প্রতিটি ফেরির পণ্য ধারণক্ষমতা প্রায় ২৮০ টন। ট্রাক ও লরির পাশাপাশি এই ফেরিতে সাধারণ যাত্রী পরিবহনেরও সুযোগ থাকছে।
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সরাসরি ফেরি চলাচল শুরু হওয়ায় ভোলার সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর পণ্য ও যাত্রী পরিবহন অনেক সাশ্রয়ী ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন