ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নয়ন হোসেন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসায় র্যাব-১০-এর একটি দল। তল্লাশিকালে একটি প্রাইভেট কার থেকে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নয়ন হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১০-এর তৎকালীন ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন বিচারক। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের ফলে সমাজে মাদক নির্মূলে ইতিবাচক প্রভাব পড়বে।’
আপনার মতামত লিখুন