মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে এই শাড়ির চালান জব্দ করে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে একটি দল জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও তারেককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে ১৬টি বান্ডিলে পলিথিনে মোড়ানো ৩০০ পিস বিভিন্ন রঙের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে এসব শাড়ি বাংলাদেশে আনা হয়েছে। অধিক মুনাফার আশায় এসব শাড়ি বিভিন্ন মার্কেটের দোকানে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।
শ্রীমঙ্গল থানা-পুলিশ জানায়, অভিযানের সময় আরও তিন-চারজন পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন