নানা অনিয়ম ও চিকিৎসায় অবহেলার অভিযোগের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার এ আদেশ জারি করা হয় বলে জানান রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি করার পর ডা. আব্দুল হান্নানকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে সিভিল সার্জন ডা. এস এম মাসুদকে নিজ দায়িত্বের পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ডা. আব্দুল হান্নানের বিরুদ্ধে সদর হাসপাতালে নানা অনিয়ম এবং রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সম্প্রতি শহরের ‘আরোগ্য ক্লিনিক’ নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ডা. হান্নানের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে এবং ব্যাপক সমালোচনা তৈরি হয়। এর আগেও তার বিরুদ্ধে ভুল চিকিৎসার কয়েকটি অভিযোগ ছিল।
ওএসডি হওয়ার বিষয়ে বক্তব্য জানতে ডা. শেখ আব্দুল হান্নানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
আপনার মতামত লিখুন