পিরোজপুরের নেছারাবাদে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে খামার চালানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
একই সঙ্গে উপজেলার খাঁড়াবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দৈহারি ইউনিয়নের খাঁড়াবাগ এলাকায় সুবীর মণ্ডল নামের ওই ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে অবৈধ সংযোগ ব্যবহার করে খামার চালাচ্ছিলেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে পল্লী বিদ্যুৎ সমিতি সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সুবীর মণ্ডলকে ৭০ হাজার টাকা জরিমানা করে ওই কমিটি।
স্থানীয়রা জানান, এর আগে অবৈধ সংযোগের খবর সংগ্রহ করতে গেলে সজল মণ্ডল, অপূর্ব মাঝি ও সুবীর মণ্ডলের লোকজন সাংবাদিকদের ওপর চড়াও হয়। সে সময় তারা উল্টো সাংবাদিকদের ভিডিও ধারণ করে এবং মানহানির মামলার হুমকি দেয়।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) চন্দ্র শেখর বলেন, ‘অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে সুবীর মণ্ডলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার খাঁড়াবাগ এলাকায় গিয়ে অবৈধ সাইট কানেকশনগুলো খুলে ফেলতে বলা হয়েছিল।’
সতর্ক করার পরও সংযোগ না খোলায় বৃহস্পতিবার আবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ থাকা খামারগুলোর মিটার বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন