হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত মঞ্জুর মিয়া বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহতদের কয়েকজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল খলিলুর রহমানের পরিবার। ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান। এতে খলিলুর রহমানের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মঞ্জুর মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছি। আমাদের উচ্ছেদ করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা আমার ছেলেকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন