গাজীপুরের কালীগঞ্জে মাদক কারবারের অভিযোগে আল আমিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামে ৫ ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আস্তানা থেকে সাড়ে ৫ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আল আমিন দিঘুয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। আজ রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আল আমিন এলাকায় একজন নিরীহ ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। লম্বা দাড়ি আর চলনবলনে তিনি নিজেকে আল্লাহভীরু হিসেবে জাহির করতেন। তার বাড়ির পাশে একটি বড় গোয়ালঘর ছিল। গবাদিপশু পাহারা দেওয়ার কথা বলে তিনি ওই গোয়ালঘরের ভেতরেই একটি ছোট কক্ষ তৈরি করে বসবাস করতেন। তবে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ।
টানা ৫ ঘণ্টার তল্লাশি শেষে আল আমিনের থাকার ঘরের খাটের নিচ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার পরনে থাকা লুঙ্গির কোমর থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। স্থানীয়দের দাবি, আল আমিনের বাবা কফিল উদ্দিনও পেশাদার মাদক কারবারি ছিলেন। বাবার পথ ধরে আল আমিনও দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ধর্মপ্রাণ মানুষের ছদ্মবেশ ধারণ করে আল আমিন দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোয়ালঘরের ভেতরে বিশেষ কক্ষ তৈরি করে তিনি মাদক মজুত রাখতেন। বিপুল পরিমাণ মাদকসহ আমরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। মাদক নির্মূলে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন