বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে একটি রাবার বাগান থেকে তিন শ্রমিককে অপহরণ করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত ‘আবীর রাবার বাগান’ থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃতরা সবাই রোহিঙ্গা এবং তারা ওই বাগানে শ্রমিকের কাজ করতেন।
অপহৃত শ্রমিকেরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) ও হাসান (২০)।
বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল বাগানের শ্রমিক নিবাসে হানা দেয়। তারা অস্ত্রের মুখে ঘরের দরজা খুলতে বাধ্য করে এবং সেখানে থাকা ১৩ জন শ্রমিকের মধ্য থেকে ওই তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা ৫টি মুঠোফোন, ২টি দা ও ৩টি টর্চলাইট লুটে নেয়।
বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে হঠাৎ দরজায় শব্দ হলে আমরা জেগে উঠি। দরজা খুলতেই সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই তিনজনকে তুলে নিয়ে যায়। প্রাণভয়ে আমরা কেউ বাধা দিতে পারিনি।’
আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু বলেন, শ্রমিকদের মাধ্যমে খবর পেয়েই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। ওই এলাকায় আফসার গ্রুপ ও সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। কোনো একটি গোষ্ঠী এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় তামাকচাষি অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন