জামালপুর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার চিমনি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের ডাকপাড়া চৌরাস্তা সংলগ্ন ‘স্টার ব্রিকস’ নামে ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটাটি কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানে ইটভাটাটির স্থায়ী চিমনি (ফিক্সড চিমনি) ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি বলেন, জেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে গড়ে ওঠা সব ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন