উত্তরের জেলা নওগাঁয় এখন বোরো ধান কাটার ধুম। তবে মাঠে পর্যাপ্ত শ্রমিক না থাকায় সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে সরাসরি ধানের মাঠে নেমেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
শনিবার (১৬ মে) দুপুরে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকায় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ধান কাটা কর্মসূচিতে অংশ নেন তিনি। হাতে কাস্তে তুলে নিয়ে দীর্ঘ সময় কৃষকদের সঙ্গে ধান কাটেন এই সংসদ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নওগাঁয় ধান কাটার শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়তি মজুরি দিয়েও অনেক কৃষক শ্রমিক পাচ্ছেন না। এর মধ্যে বৃষ্টির আশঙ্কায় ফসল নষ্ট হওয়ার ভয়ে দিন কাটছে তাদের। এমন সময় সংসদ সদস্যের মাঠে নামার বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
উপকারভোগী কৃষক আলাউদ্দিন বলেন, ‘গত ১০ দিন ধরে শ্রমিকের খোঁজে ঘুরেও কাউকে পাইনি। এমপি সাহেব নিজে মাঠে এসে ধান কেটে দিলেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের অনেক উপকার হলো।’
ধান কাটার ফাঁকে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল কৃষকদের সঙ্গে কথা বলেন এবং উৎপাদন খরচ ও বাজারদরের খোঁজ নেন। তিনি বলেন, ‘মহাদেবপুর ও বদলগাছী এলাকায় বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক-যারা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’
তিনি আরও জানান, কৃষকেরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ ছাড়া কৃষকদের সুবিধার্থে একটি বিশেষ অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তাঁরা দেশজুড়ে ধানের বাজারদর সম্পর্কে সহজে জানতে পারবেন।
এদিকে সংসদ সদস্যের ধান কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, কৃষকের দুর্দিনে এভাবে পাশে দাঁড়ানো তাঁদের মনে সাহস জোগাচ্ছে।
আপনার মতামত লিখুন