ফরিদপুর জেলা কারাগারের এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি মারা যান।
মৃত হাজতির নাম শাহ আলম। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের জালাল মোল্লার ছেলে। মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে তিনি ফরিদপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শাহ আলম দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। রোববার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।’
কারাগার কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় জেলা কারাগারের জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন