নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার দুই দিন পর ৩ বছরের শিশু উম্মে হানীকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। রবিবার (১৭ মে) রাতে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বিলডুরা গ্রামের শরীফা খাতুন (২৯) ও তার স্বামী মো. নিজাম উদ্দিন (৪২)।
পুলিশ জানায়, গত ১৬ মে শনিবার রাতে শিবপুর কলেজ গেট সংলগ্ন ধানুয়া এলাকার একটি বাসা থেকে শিশু উম্মে হানী চুরি হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুটির পরিবার। এর পরিপ্রেক্ষিতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায় এসআই অনুপ নাগ ও র্যাব যৌথ অভিযানে নামে।
অভিযানের ধারাবাহিকতায় রবিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরীফা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে শিশু উম্মে হানীকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফার স্বামী নিজাম উদ্দিনকেও হবিগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি হওয়া শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন