কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয় দিয়ে অপহৃত হওয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা হোছেন আলী (৭০) তিন দিন পর মুক্তি পেয়েছেন। পরিবারের দাবি, ৪ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
হোছেন আলী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত ১৬ মে দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
নিহতের ছোট ভাই সৈয়দ আহমদ মুক্তিপণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে একদল অস্ত্রধারী লোক বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিয়ে পাহাড়ে চলে যায়। পরে অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করে। রোববার বিকেলে তাদের হাতে ৪ লাখ টাকা দেওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় হোছেন আলীকে ছেড়ে দেওয়া হয়।’
পরিবারের সদস্যরা জানান, মুক্তিপণের বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা। এ কারণে তারা এখনো চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা পাহাড়ি এলাকায় অপহরণ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, হোছেন আলী সুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। তবে মুক্তিপণের লেনদেনের বিষয়ে পুলিশ কিছু জানে না বলে দাবি করেন এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন