সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান আমদানি কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকেরা বলছেন, উচ্চ করের কারণে এই পরিবেশবান্ধব প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
সোমবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার একটি ভবনের ছাদে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিএডি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। ভবনের ছাদে সোলার স্থাপনের সম্ভাবনা তুলে ধরতেই এই স্থান নির্বাচন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট ক্রমশ তীব্র হচ্ছে। আমদানি করা গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ফলে ব্যয় ও ভর্তুকি দুই-ই বাড়ছে। এরই মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আবারও প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বাড়ানোর প্রস্তাব করেছে, যা সাধারণ মানুষের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে রুফটপ সোলার বা ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা হতে পারে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান। কিন্তু উচ্চ আমদানি শুল্কের কারণে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ফলে আগ্রহী হয়েও মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এটি ব্যবহার করতে পারছেন না। অবিলম্বে সোলার যন্ত্রাংশের ওপর থেকে সব ধরনের কর প্রত্যাহারের পাশাপাশি আগামী বাজেটে এই খাতে বিশেষ প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবি জানান তারা।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফেড সুনামগঞ্জের সভাপতি মো. আবুল হোসেন, সহসভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, প্রভাষক ফজলুল করিম সাঈদ, তৃষ্ণা আক্তার রুশনা, আমিনুল হক ও রিনা বেগম প্রমুখ।
আপনার মতামত লিখুন