সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাধা দেওয়া ও অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ। সোমবার (২৫ মে) বিকেল পাঁচটায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাংসের খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। জনস্বার্থে সরকার খালটি পুনঃখননের উদ্যোগ নিলেও ‘সুশীলন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) উদ্দেশ্যপ্রণোদিতভাবে এতে বাধা দিচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ইব্রাহিম খলিল প্রমুখ।
মোফাজ্জল হোসেন বলেন, খালটি খনন করা হলে এলাকার কৃষকেরা উপকৃত হবেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে। কিন্তু একটি পক্ষ নিজেদের স্বার্থে এই উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে।
শিক্ষক সালাউদ্দিন অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট এনজিওটি বিভিন্ন সময় জমি ও সরকারি খাল দখলের চেষ্টা চালিয়ে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খনন কার্যক্রমে তাদের বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, পাংসের খাল পুনঃখনন এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। জনস্বার্থবিরোধী এসব অপচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে হুঁশিয়ারি দেওয়া হয় যে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত এনজিও কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন