নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং সহিংসতার জেরে সুধারাম মডেল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।
একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ওসি মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানায় বদলি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, ‘সুধারাম মডেল থানার ওসিকে পুলিশ লাইন্সে নিয়মিত বদলি করা হয়েছে। এছাড়া গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
আপনার মতামত লিখুন