কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছোড়া গুলিতে আহত মোহাম্মদ আয়াছ (৬৬) মারা গেছেন। রোববার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আয়াছ উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় তার বড় ছেলে মো. জুবায়ের (৩৭) অভিযুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুবায়ের তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন