জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক ‘পুশইন’ বা অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (১০ জুন) ভোররাতে সীমান্তের শূন্যরেখায় (নোম্যানস ল্যান্ড) এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।
এই ঘটনার দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিএসএফের অপতৎপরতার প্রতিবাদ জানাচ্ছেন বিজিবি সদস্যরা। এক পর্যায়ে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনি গুলির কথা বললেন কেন? আমাদের কাছে গুলি নেই? আপনি গুলি করলে কি আমরা বসে থাকব? কেন আপনি গুলির কথা বললেন?’
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে কামালপুর সীমান্তের রামরামপুর এলাকায় আন্তর্জাতিক ১০৮২ নম্বর পিলারের কাছে আকস্মিক উত্তেজনা সৃষ্টি হয়। ভোরের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের আলো নিভিয়ে সাতজন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি কামালপুর ক্যাম্পের সদস্য ও স্থানীয় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলেন।
বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ছয়জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হলেও এক বৃদ্ধ শূন্যরেখায় আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে দুই বাহিনীর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ বৈঠক শেষেও বিএসএফ ওই বৃদ্ধকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় কোনো সুরাহা হয়নি। ফলে প্রখর রোদ ও বৈরী আবহাওয়ার মধ্যে ওই বৃদ্ধ এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘একজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, আমরা তা রুখে দিয়েছি। ওই ব্যক্তি এখনো শূন্যরেখায় আছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
আপনার মতামত লিখুন