‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের’-এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ জুন) সকালে শহরের পাঁচ রাস্তার মোড়ে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), কুষ্টিয়া।
সনাক সভাপতি আসমা আনসারী মিরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় সবার অংশগ্রহণ জরুরি। বিশেষ করে প্লাস্টিক দূষণ ও অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটি নতুন করে সাজানো এখন সময়ের দাবি।
মানববন্ধনে টিআইবির পক্ষ থেকে ১২টি সুপারিশ তুলে ধরেন ইয়েস সদস্য প্রিয়তা আক্তার। এসব সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো-জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য একটি সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন করা, এই খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও ভ্যাট হ্রাস এবং ব্যবসায়ীদের উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা। এ ছাড়া স্থানীয়ভাবে এসব যন্ত্রপাতি উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
সনাক সদস্য রফিকুল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সনাক সদস্য নজরুল ইসলাম, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্য ইমন আলী স্বপন প্রমুখ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, এফপিএবির আজিজুর হক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি শ্যামলী খাতুন, সেতুর প্রতিনিধি হারুন অর রশিদ, দিশার প্রতিনিধি কামরুন নাহার, সনাক সদস্য তহমিনা চৌধুরী ও সুভাশীষ সাহা। এ ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়েস ও এসিজি কুষ্টিয়ার সদস্যরা এতে অংশ নেন।
আপনার মতামত লিখুন