ফরিদপুরে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নিয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
খাদ্যশস্য উৎপাদনে বৈচিত্র্য আনা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ুসহিষ্ণু জাত উদ্ভাবনসহ বিভিন্ন লক্ষ্য পূরণে কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় কাজ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপকরণ) মো. রওশন আলম।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক গৌর গোবিন্দ দাস ও ফরিদপুর ধান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।
বক্তারা বলেন, দেশের কৃষিখাতকে যুগোপযোগী করতে ২০২৩ সাল থেকে পার্টনার প্রোগ্রামের যাত্রা শুরু হয়। এর মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন, আধুনিক সেচ প্রযুক্তি, কৃষকদের জন্য স্মার্ট কার্ড ও ডিজিটাল কৃষি সেবা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের বিকাশ এবং মানসম্মত তথ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিচ্ছে এই প্রকল্প।
আঞ্চলিক এই কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা এবং পার্টনার প্রোগ্রামের আওতাভুক্ত কৃষকেরা অংশ নেন।
আপনার মতামত লিখুন