টাঙ্গাইলের মধুপুরে ‘তারার মেলা কিন্ডারগার্টেনে’ খুদে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ৪ থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
শৈশব থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি এই মেলার আয়োজন করে। মেলায় খুদে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে তাদের তৈরি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও মডেল প্রদর্শন করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে মেলা পরিদর্শন করেন। তিনি বলেন, ‘এত ছোট শিশুদের বিজ্ঞানের প্রতি যে আগ্রহ এবং জানার স্পৃহা, তা সত্যিই অসাধারণ। তাদের তৈরি বিভিন্ন উপকরণের বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। সাধারণত হাইস্কুল বা কলেজ পর্যায়ে এমন আয়োজন দেখা যায়, কিন্তু খুদেদের জন্য এই উদ্যোগ প্রশংসনীয়।’
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এই আয়োজনের মাধ্যমে তারা অনেক নতুন বিষয় হাতে-কলমে শিখতে পেরেছে। অনেক বৈজ্ঞানিক উপকরণের সঙ্গে তাদের সরাসরি পরিচয় হয়েছে।
অভিভাবকেরাও এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, শৈশব থেকে এমন চর্চা অব্যাহত থাকলে শিশুরা ভবিষ্যতে বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হবে এবং দেশ গড়ায় ভূমিকা রাখতে পারবে।
উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন গাছপালায় ঘেরা এই বিদ্যালয়ে সকাল থেকেই শিশুদের কোলাহল আর মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন