বাংলাদেশে তৈরি উচ্চ প্রযুক্তির মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সদর দপ্তরে বৃহস্পতিবার (১৮ জুন) এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ফিতা কেটে রপ্তানি শিপমেন্টের সূচনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের তৈরি এসব মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন’ এই মাদারবোর্ডগুলো আমদানি করছে। প্রতিষ্ঠানটি মূলত স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সরবরাহের জন্য পরিচিত।
রপ্তানি কার্যক্রম উদ্বোধনকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘ওয়ালটন সত্যিই এক বিস্ময়। তারা যে বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন করছে, তা দেখে আমরা অভিভূত। তারা প্রমাণ করেছে বাংলাদেশও সর্বাধুনিক প্রযুক্তি পণ্য তৈরি ও রপ্তানি করতে পারে। ওয়ালটন আমাদের গর্ব।’
মন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশে উৎপাদিত পণ্যকে করমুক্ত রাখার চেষ্টা করছে সরকার।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ওয়ালটন কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। তিনি দেশীয় হাই-টেক শিল্প বিকাশে ওয়ালটনের ভূমিকার প্রশংসা করেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা ওয়ালটনের পণ্য বর্তমানে এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটনের পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভি। এর আগে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার এবং মাদারবোর্ড (এসএমটি) ও টেলিভিশন প্যানেল উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
আপনার মতামত লিখুন