তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের বিভিন্ন স্থানে ও তিস্তা নদীবেষ্টিত এলাকায় অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।শনিবার (২০ জুন) সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
রংপুর অঞ্চলের জামায়াত-সমর্থিত কয়েকজন সংসদ সদস্যের নেতৃত্বে এই কর্মসূচিতে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
সকাল ১০টার পর থেকে নেতাকর্মীরা রংপুর নগরের লালবাগ, শাপলা চত্বর, প্রেসক্লাব চত্বর, কাচারি বাজার ও ডিসির মোড় এলাকায় অবস্থান নেন। একই সময়ে তিস্তা সেতু থেকে কাউনিয়া উপজেলা সদর এবং গঙ্গাচড়া উপজেলার মহিপুর থেকে বুড়িরহাট পর্যন্ত নদীপারের বিভিন্ন এলাকায় মানববন্ধন করা হয়।
এসব সমাবেশে বক্তব্য দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহুবার রহমান বেলাল, সদস্য সচিব ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। এ ছাড়া রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি এ টি এম আযম খানসহ জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, তিস্তা নদীবেষ্টিত উত্তরবঙ্গের প্রায় দুই কোটি মানুষের প্রাণের দাবি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন। দীর্ঘকাল ধরে এই অঞ্চলের মানুষ শোষণ ও বঞ্চনার শিকার। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমি হয়ে যায়, আবার বর্ষায় ভারত গজলডোবা ব্যারাজ খুলে দেওয়ায় পাহাড়ি ঢলে শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দুই কোটি মানুষের এই সংকটের স্থায়ী সমাধানের জন্য অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, এর আগে গত শনিবার রংপুরে সংবাদ সম্মেলন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন