ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামপুর শাহীন একাডেমি স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার খোরশেদ আলম ওরফে নয়ন (৩৫), আবদুল কাদের (২৪), দুলাল মিয়া (২৮), মো. আসিফ (২০) ও রাকিব হোসেন (২৫); নোয়াখালীর আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৩) এবং ফেনীর সোনাগাজী উপজেলার মো. রাসেল (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের পাশের এয়াকুব আলী কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। এ সময় একদল ডাকাত সেখানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি কিরিচ, দুটি ছোরা, একটি লোহার রড ও একটি বড় রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় নতুন একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন