বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সই করা ব্ল্যাংক চেক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও কথিত চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনা জেলার আতাইকুলা উপজেলার রকিবুল ইসলাম রকিব (৩৮)। বর্তমানে তারা জামালপুর শহরে বসবাস করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার এক বাসিন্দাকে পুলিশে ক্যাডেট এএসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২৫ লাখ টাকা দাবি করে একটি চক্র। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও তিনটি ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প হাতিয়ে নেওয়া হয়। একই সঙ্গে একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।
বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে ভুক্তভোগী পরিবার জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আজ জামালপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই।
তিনি আরও সতর্ক করে বলেন, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থী আর্থিক লেনদেনে জড়িত হলে তার নিয়োগ বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণার কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
আপনার মতামত লিখুন