কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এতে চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার কেয়ারী গার্ড সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পায়রা সার্ভিস’-এর মিনিবাসটি (কক্সবাজার জ-১১-০২৩২) কক্সবাজার থেকে যাত্রী নিয়ে টেকনাফের দিকে যাচ্ছিল। দমদমিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দা মো. আয়ুব বলেন, বাসটি অনেক দ্রুতগতিতে চলছিল। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। আমরা গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করি।
জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা এবং দুজন টেকনাফের দমদমিয়া এলাকার। তাঁদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
/
আপনার মতামত লিখুন