সংবাদ

সাবধান! ঝিনাইদহে ছড়িয়ে পড়ছে মরণঘাতী আগাছা পার্থেনিয়াম

প্রকাশ : ২০ জুন ২০২৬

দেখতে সাধারণ আগাছা মনে হলেও এটি আসলে একটি 'নীরব ঘাতক'। এর সংস্পর্শে এলেই হতে পারে ক্যানসার, শ্বাসকষ্ট কিংবা চর্মরোগের মতো ভয়াবহ সমস্যা। ঝিনাইদহের পথে-প্রান্তরে এখন যেন এই মরণঘাতী আগাছা 'পার্থেনিয়াম'-এর রাজত্ব চলছে। ঝিনাইদহ পৌরসভার পবহাটিসহ বিভিন্ন গ্রামে এখন আতঙ্কের নাম এই পার্থেনিয়াম। বাড়ির আঙিনা কিংবা রাস্তার ধার—সবখানেই এর অবাধ বিস্তার। অথচ এই মরণঘাতী উদ্ভিদের বিষক্রিয়া সম্পর্কে এখনো জানেন না স্থানীয়দের বড় একটি অংশ। বিশেষজ্ঞরা বলছেন, এটি এদেশীয় উদ্ভিদ নয়; এর আদি নিবাস আমেরিকা ও মেক্সিকোতে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, একটি গাছ থেকেই জন্ম নিতে পারে ৪ থেকে ৫ হাজার চারা। মাত্র ৩-৪ মাসের আয়ুষ্কালেই এটি প্রকৃতি ও মানুষের ওপর চালায় ধ্বংসলীলা। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো শিশু ও গবাদি পশু। অবাধে এর সংস্পর্শে আসছে তারা। চিকিৎসকদের মতে, পার্থেনিয়াম মানুষের ত্বকে অ্যালার্জি, তীব্র জ্বর এমনকি ক্যানসারের ঝুঁকি তৈরি করে। আর গবাদি পশু এটি খেয়ে ফেললে সেই পশুর দুধ বা মাংস মানুষের শরীরের জন্যও বিষাক্ত হয়ে ওঠে। আপনার সামান্য অসচেতনতা ডেকে আনতে পারে বড় বিপদ। তাই নিজের আঙিনা ও ফসলি জমি রক্ষায় এখনই এই বিষাক্ত উদ্ভিদ ধ্বংস করুন। ভিডিওটি শেয়ার করে অন্যকেও সচেতন করুন।