বাংলাদেশের চা শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বসেছে মৌলভীবাজারের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। ষষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে চা শ্রমিক, ব্যবসায়ী ও অতিথিদের উপস্থিতিতে ঘোষণা করা হয় জাতীয় চা পুরস্কার ২০২৬। এবারের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগান। সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনের স্বীকৃতি হিসেবে পেয়েছে জাতীয় চা পুরস্কার ২০২৬। পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ চা সংসদের ভাইস চেয়ারম্যান ও কেদারপুর টি কোম্পানির পরিচালক ব্যারিস্টার নিহাদ কবির ও সংবাদ সম্পাদক আলতামাশ কবির। পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। ৮টি ক্যাটাগরিতে এ বছর পুরস্কৃত হয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাংলাদেশের চা শিল্প এগিয়ে যাচ্ছে। গুণমান, উৎপাদন, রপ্তানি- সব ক্ষেত্রেই । জাতীয় চা পুরস্কার শুধু সম্মান নয়, এটি উৎসাহ, উদ্দীপনা। সবুজ এই পাতায় লুকিয়ে আছে সোনালি ভবিষ্যতের সম্ভাবনা।