সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দাবি পূরণ না হলে আবারও ছাত্র-জনতার আন্দোলন গড়ে উঠতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এতদিন পর এসে রাষ্ট্রপতির কেন মনে হলো তার পদত্যাগ করতে হবে? এই সরকার এতদিন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। আমরা রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেপ্তার দেখতে চাই।’
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কয়েকদিন আগে জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সেই ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জেলা পুলিশ প্রশাসনের কাছে এর জবাব চাই।’
জনতার উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আপনারা গণভোটের পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু এখনও জুলাই সনদ গ্রহণ করা হয়নি। সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তবে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না।’
ছাত্রদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সরকার যদি মনে করে তাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে মনে রাখা উচিত-যেভাবে জুলাই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজনে বাংলাদেশের ছাত্ররা আবার এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।’
এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সমাবেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন