সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মা এবং তার এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন বাবা ও তাদের বড় ছেলে।
নিহতরা হলেন-ফরিপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। তিনি পরিবার নিয়ে সৌদি আরবের রিয়াদে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে ওমরাহ করার উদ্দেশ্যে শফিকুল ইসলাম নিজের প্রাইভেট কারে করে সপরিবারে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা তানিয়া ও তার দুই সন্তানের মৃত্যু হয়।
নিহত তানিয়া তাহমিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তানিয়ার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বজনরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুরের সালথা ও কিশোরগঞ্জের ভৈরবে তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। গভীর শোক নেমে এসেছে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।
আপনার মতামত লিখুন