সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা অভিনব উপায়ে দলত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এক মণ (৪০ কেজি) দুধ দিয়ে জনসমক্ষে গোসল করে তিনি রাজনীতি ছাড়ার কথা জানান। মূলত স্থানীয় সংসদ সদস্যের একটি ভিডিও বিতর্কের জেরে নৈতিক অবস্থান থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের মো. মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন জামায়াতের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হরিনাগাড়ী গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারছি না। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’
এ সময় উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন জামায়াতের একজন সক্রিয় ও দায়িত্বশীল কর্মী ছিলেন। সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারাও।
এ বিষয়ে জানতে চাইলে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন তাদের কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, তা এই মুহূর্তে তিনি নিশ্চিত করতে পারেননি।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও বিতর্কের পর থেকে সাতক্ষীরা জেলায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নূরনগরের এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন