সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ কমিয়ে আনতে এবং শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্তবর্তী তরুণ-তরুণীদের জন্য ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে তারা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চবিদ্যালয়ের আইসিটি কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার যুবসমাজকে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ‘বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থানই করবে না, দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। সীমান্ত অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হলে চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে বিজিবি। প্রশিক্ষিত তরুণরা আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই আয় করতে পারবেন। এর ফলে তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
১৬ সপ্তাহব্যাপী এই কোর্সে কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার সক্ষমতা অর্জন করবেন বলে আয়োজকেরা আশা করছেন।
আপনার মতামত লিখুন