ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর গোকুলনগর ফার্ম এলাকায় একটি আরসিসি রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী সাত ইঞ্চি সাব-বেজ মেকাডম দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র তিন ইঞ্চি। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোকুলনগর ফার্ম এলাকা থেকে স্কুলমুখী সড়কের ১০০ মিটার আরসিসি রাস্তার কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, কাজে লোকাল বালুর বদলে সাধারণ বালু ব্যবহার করা হচ্ছে এবং রোলার মেশিন দিয়ে সঠিকভাবে বালু ও খোয়া বসানো হয়নি। এ ছাড়া কাদা মাখানো পাথর পরিষ্কার না করেই ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা জমশেদ আলম বকুল বলেন, ‘আমরা কাজ চলাকালে কাঠি দিয়ে মেপে দেখেছি, সাত ইঞ্চির বদলে মাত্র তিন ইঞ্চি সাব-বেজ মেকাডম দেওয়া হয়েছে। কাদা মাখানো পাথর দিয়েই ঢালাই দেওয়া হচ্ছিল। এমন কাজ আমরা হতে দেব না।’
জনগণের বাধার মুখে ঢালাইয়ের কাজ বন্ধ রাখার কথা স্বীকার করেছেন ঠিকাদারের ব্যবস্থাপক শেখ আশরাফুল। এদিকে কাজ দেখাশোনার দায়িত্বে থাকা কার্য সহকারী মো. লিংকন আহমেদ জানান, তিনি অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না মেনে ঢালাইয়ের প্রস্তুতি নিয়েছিল। পরে স্থানীয়রা এসে কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর পি ট্রেডার্সের স্বত্বাধিকারী রাজিবুল ইসলাম রাজু এবং বিএডিসি ঝিনাইদহ জোনের ক্ষুদ্রসেচ বিভাগের সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
স্থানীয়দের অভিযোগ, কাজের তথ্য জানতে চাইলে কর্মকর্তারা তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দেন, যা সময়সাপেক্ষ। এতে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হচ্ছে। এলাকাবাসী দ্রুত কাজের গুণগত মান পরীক্ষা করে সিডিউল অনুযায়ী কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন