ঢাকার দোহার উপজেলায় ফুটবল খেলা শেষে পানিতে ডুবে বিশাল ঘোষ (১৬) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার জয়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাল ঘোষ উপজেলার পূর্ব লটাখোলা এলাকার মনির ঘোষের ছেলে। সে স্থানীয় আজহার আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের (আজহারী স্কুল) নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) ভোর ছয়টার দিকে বিশাল তার কয়েকজন বন্ধু ও এলাকার বড় ভাইদের সঙ্গে জয়পাড়া কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। সকাল পর্যন্ত সেখানে তারা ফুটবল খেলে। খেলা শেষ করার পর একপর্যায়ে বিশাল পাশের পানিতে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বিশালকে মৃত ঘোষণা করেন।
বিশালের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন