স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘মহান আল্লাহ তায়ালা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন তা সঠিকভাবে পালন করে এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে পারি। আমি নিজের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই।’
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহানবী (সা.)-এর আদর্শ জাতীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনুসরণীয়। আজকের বিশ্বে হিংসা, সংঘাত ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য তার দেখানো পথের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ‘আমরা পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চাই। এটাই ইসলামের শিক্ষা।’
উন্নয়ন প্রসঙ্গে ড. মঈন খান বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব ওয়াদা করেছেন, তা একে একে বাস্তবায়ন করা হচ্ছে। বিগত সরকার ১৭ বছরে যা করতে পারেনি, বর্তমান সরকার গত ছয় মাসে তার চেয়ে বেশি কাজ করেছে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে পর্যাপ্ত অনুদান দেওয়া হচ্ছে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রীর সহধর্মিণী ও দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহণ মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে মন্ত্রী চরনগরদীতে তার নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।
আপনার মতামত লিখুন