আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উচ্চশিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টায় উপজেলা চত্বরে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে। বগুড়ার শেরপুরে তুরি, মাহাতো, বাগদী, সাঁওতাল, ভূমিজ, তেলী, বর্মণ, কোচ, মুসহর ও গঞ্জুসহ ১৫টির বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস। অথচ তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা ও সংরক্ষণের জন্য এই অঞ্চলে কোনো কালচারাল একাডেমি নেই।
বক্তারা আরও বলেন, আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বৃত্তি পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে পড়াশোনা শেষে তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। এসব দাবির পাশাপাশি তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও পুনর্ব্যক্ত করেন।
আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভরের সভাপতিত্বে এবং সাগর কুমার সিংহের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিংহ বাবু, সহসভাপতি যোগেশ সিংহ, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কণির্দাস, শেরপুর উপজেলা কমিটির সভাপতি স্বপন সিংহ, সাধারণ সম্পাদক হীরালাল সিংহ ও নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম চন্দ্র মাহাতো।
এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলাম রাশেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক লিটন হক, ধুনট উপজেলার আদিবাসী নেতা পূর্ণ চন্দ্র রায় ও সুবোধন চন্দ্র সরকার। কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদ জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি উত্তম কুমার সিংহ, উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বিপ্লব কুমার মাহাতো ও সহসভাপতি সোহাগ কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন