ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে ভাঙ্গা ইন্টারসেকশন গোলচত্বর এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে কাউসার আহমেদ রাতুল সরদার (১৭) এবং একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু আহমেদ (২০)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ‘গোল্ডেন লাইন পরিবহনের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই দুই তরুণের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাচান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন