ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দা বানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শিবপুর গ্রামের সুন্দর আলীর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সৈয়দা বানু গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির কিছু সময় পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক ডা. সেলিম উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর বাইরেও শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন