ফেনী জেনারেল হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকার পরও চিকিৎসার অবহেলায় নাসিমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত নাসিমা আক্তার ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বড় ধলিয়া গ্রামের আহমদ করিমের স্ত্রী। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ঘরের বাইরে বৃষ্টির পানি সংগ্রহ করতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়।
শনিবার (২৯ আগস্ট) রাতে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল জানান, ওই নারীর ক্ষেত্রে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসাপত্রে অ্যান্টিভেনম দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ওয়ার্ডে রোগীর অবস্থার অবনতি হলেও দায়িত্বপ্রাপ্ত নার্স বিষয়টি চিকিৎসককে সময়মতো জানাননি। ফলে সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হয়নি। নার্সের গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাসিমার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে প্রাথমিক পর্যবেক্ষণের পর তাকে ছয়তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
নিহতের স্বামী আহমদ করিম অভিযোগ করে বলেন, ‘চিকিৎসককে বারবার সাপে কামড়ানোর কথা বললেও তিনি গুরুত্ব দেননি। জরুরি বিভাগে অ্যান্টিভেনম না দিয়ে সাধারণ ওয়ার্ডের মেঝেতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শুধু একটি স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। বিষক্রিয়া বাড়লে বারবার নার্সকে ডাকলেও তিনি ডাক্তারকে খবর দেননি।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রৌকন উদ দৌলা জানান, হাসপাতালে অন্তত ২০ জন রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত ছিল। এমনকি আইসিইউতেও জরুরি ব্যবহারের জন্য ওষুধ রাখা ছিল। রোগীর স্বজনরা শুরুতে সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত করতে পারেননি এবং প্রাথমিক লক্ষণের অভাবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত নার্স শাহিনুর আলম জানান, সে রাতে ২৬ শয্যার ওয়ার্ডে ৯০ জনের বেশি রোগী ছিল। চাপের কারণে সেবা দিতে হিমশিম খেতে হয়েছে। ভোরে রোগীর অবস্থা আশঙ্কাজনক শুনে চিকিৎসকে খবর দিলেও তার আগেই নাসিমা আক্তার মারা যান।
তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন