বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের আট মাস পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত কোনো উন্নতি করতে পারেনি বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। একই সঙ্গে বিচারব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং রাষ্ট্র পরিচালনায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ পদযাত্রার অংশ হিসেবে তিনি পঞ্চগড় থেকে হেঁটে রংপুরে পৌঁছান এবং নগরীর জিলা স্কুল, কাচারী বাজার, প্রেসক্লাব চত্বর, লালবাগ ও মডার্ন মোড় এলাকায় পথসভায় অংশ নেন।
বর্তমান সরকারের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘নয় মাসে একটি নতুন শিশু ভূমিষ্ঠ হয়, অথচ বিএনপি ক্ষমতায় আসার আট মাস অতিবাহিত হলেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিদেশি শক্তির প্রভাব খাটিয়ে প্রশাসন যন্ত্রকে ইচ্ছেমতো চালানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছে।’ শহীদ জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে স্বল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সরকারের উদ্দেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আমরা চাই আপনারা পাঁচ বছর ক্ষমতায় থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ুন। তবে আগামী ১৮ ডিসেম্বরের পর আমরা হাদি হত্যার বিচারে আর রাস্তায় নামতে চাই না। দায়ীদের কোন প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করবেন, সেটি সরকারের দায়িত্ব।’
১৭ বছর পর ক্ষমতায় এসেও সরকারের হুঁশ ফেরেনি উল্লেখ করে তিনি আরও বলেন, খুন, গুম ও চাঁদাবাজি দূর করার জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। সংসদে জনগণের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও সংসদ ভবনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব ও হাদি হত্যার বিচারের বিষয়ে জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ঘোষণা দেন জাবের।
পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর থেকে পদযাত্রা শেষ করে গাইবান্ধা ও বগুড়া হয়ে টেকনাফের দিকে যাত্রা করার কথা রয়েছে দলটির।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন