বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৭ বছর পর আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘কল্যাণী নৌকা বাইচ মেলা’। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাত দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
মেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির বিপ্লবের সভাপতিত্বে এবং শামীম রেজা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মামুনুর রশীদ আপেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘মেলায় কোনো ধরনের অশ্লীলতা চলবে না। কেউ অশ্লীল কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মেলা বন্ধ করে দেওয়া হবে।’ তিনি আরও জানান, মেলার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শত বছরের পুরোনো এই নৌকা বাইচ মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মেলা ও নৌকা বাইচ উপভোগ করতে শেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কল্যাণী নৌকা বাইচ মেলা গ্রামীণ বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘকাল ধরে মিশে আছে। প্রতিবছর এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
আপনার মতামত লিখুন