ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ ও এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ও বৈলর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) এবং ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে মার্জিয়া তার মামি ও মামাতো বোনের সঙ্গে ভ্যানগাড়িতে করে কবিরাজ দেখাতে যাচ্ছিলেন। ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় মহাসড়কের একটি ইউটার্নে ভ্যানগাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মার্জিয়া বাবার বাড়ি চুরখাই কোনাপাড়া থেকে ভ্যানযোগে পোড়াবাড়ি বাজারে যাচ্ছিলেন।
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে বৈলর ইউনিয়নের হিফজ মাদ্রাসার সামনে একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পথচারী শহিদুলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। শহিদুল দীর্ঘ দিন ধরে বৈলরে তার শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মার্জিয়া খাতুনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে দিনমজুর শহিদুলের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক গাড়ি দুটি শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন