সংবাদ
সংবাদ

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, বড় বাধা পরিবেশ

ফয়েজ আহমেদ তুষার
ফয়েজ আহমেদ তুষার
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, বড় বাধা পরিবেশ
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা, গতানুগতিক চ্যালেঞ্জ পুনর্বাসন ও পরিবেশ রক্ষা

চলমান জ্বালানি সংকট এবং আগামী দিনের চিন্তায় সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পথে এগুচ্ছে। তবে স্থানীয় মানুষের পুনর্বাসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার গতানুগতিক চ্যালেঞ্জ এখনো বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে।

দেশে পাঁচটি খনিতে যে পরিমাণ কয়লা রয়েছে তার ২০ শতাংশ উত্তোলন করা গেলে ১ হাজার ৫৬৪ মিলিয়ন টন কয়লা পাওয়া যাবে; যা ৪০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা পূরণ করতে পারে- এমনটাই বলছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় দুই যুগ ধরে উত্তোলন প্রক্রিয়া নিয়ে নানা বিতর্ক ও সিদ্ধান্তহীনতার কারণে দেশের কয়লা সম্পদ তেমন কাজে লাগছে না। পাঁচটি কয়লাখনির মধ্যে একমাত্র বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। সেটা শুধু বড়পুকুরিয়ায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের জন্য। অথচ সেই বিদ্যুৎকেন্দ্র প্রায়ই বন্ধ থাকছে। এ ছাড়া বাকী চারটি খনি থেকে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত না থাকায় কয়লার বিশাল মজুদ দেশের কোন কাজে আসছে না।

এদিকে, দেশে বর্তমানে গ্যাসের মজুত আছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট। দৈনিক মোট চাহিদার হিসেবে তা সাড়ে পাঁচ বছরের মজুতের সমান। চাহিদার বিপরীতে উৎপাদন কম হওয়ায় দেশে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে। উৎপাদন দিন দিন আরও কমছে। ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাতসহ নানা জটিলতায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের আর্থিক চাপে সংকট প্রকট হচ্ছে। ফলে একদিকে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে ধুঁকছে শিল্পোৎপাদন।

বিদ্যুৎ উৎপাদনে গ্যাস খাতের ওপর একক নির্ভরতা কমাতে স্থানীয় কয়লা উত্তোলনের বিষয়টি বারবার সামনে এলেও অজানা কারণে পিছু হটতে হয়েছে সরকারকে। মূলত বিভিন্ন সময় রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেও কয়লা উত্তোলনে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও সেগুলো চলছে আমদানি করা কয়লা দিয়ে। অথচ দেশের কয়লার বিশাল মজুদ মাটির নিচে পড়ে আছে।

সামগ্রিক দিক বিবেচনায় বড়পুকুরিয়া থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেশীয় কয়লা ব্যবহারের পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রধান কয়লাখনি বড়পুকুরিয়ায় বর্তমান ভূগর্ভস্থ পদ্ধতির পাশাপাশি এবার খনিটির উত্তর ও দক্ষিণ অংশে উন্মুক্ত পদ্ধতিতে বড় পরিসরে কয়লা উত্তোলনের পরিকল্পনা প্রণয়ন করছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। তাদের এ সংক্রান্ত প্রস্তাবে দেখা গেছে, খনির উত্তর ও দক্ষিণ অংশে মোট ১৮ কোটি ৯০ লাখ টন কয়লার মজুদ রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ কোটি টন কয়লা উত্তোলনযোগ্য বলে ধারণা করা হচ্ছে। বছরে প্রায় ৬০ লাখ টন হারে কয়লা উত্তোলন করা গেলে এ মজুদ হতে ২৮ থেকে ৩০ বছর উৎপাদন চালানোর সম্ভাবনা রয়েছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে বিস্তারিত ‘টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি’ এবং স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শের প্রয়োজন রয়েছে। এ দুটি কার্যক্রমের জন্য নীতিগত অনুমোদন ও দিকনির্দেশনা চেয়ে গত ২ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পত্র দিয়েছিল পেট্রোবাংলা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে গত ২৩ সেপ্টেম্বর এক উপস্থাপনায় বড়পুকুরিয়া কয়লাখনির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বিসিএমসিএল। উপস্থাপনায় গত ১৩ আগস্টের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়।

বিসিএমসিএলের তথ্য অনুযায়ী, বড়পুকুরিয়া কয়লা ক্ষেত্রের উত্তরাংশের আয়তন ২ দশমিক ৮১ বর্গকিলোমিটার এবং দক্ষিণাংশের আয়তন ২ দশমিক ২২ বর্গকিলোমিটার। দুই অংশ মিলিয়ে খনির সম্ভাব্য উন্মুক্ত পদ্ধতি উত্তোলনযোগ্য বা ওপেন-পিট এলাকার আয়তন ৫ দশমিক ০৩ বর্গকিলোমিটার। উত্তরাংশে কয়লার মজুদ ১৩ কোটি ৫০ লাখ টন এবং দক্ষিণাংশে ৫ কোটি ৪০ লাখ টন। উভয় অংশের মোট পরিমাণ ১৮ কোটি ৯০ লাখ টন। ৯০ শতাংশ রিকভারি ফ্যাক্টর ধরে উত্তোলনযোগ্য কয়লার পরিমাণ ধরা হয়েছে ১৭ কোটি টন।

বিসিএমসিএল থেকে জ্বালানি বিভাগে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, বছরে প্রায় ৬০ লাখ টন কয়লা উত্তোলন করা যেতে পারে। এ হিসাবে ১৭ কোটি টন উত্তোলনযোগ্য কয়লা থেকে ২৮-৩০ বছর উৎপাদন চালানো সম্ভব হতে পারে। তবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্নসহ খনি উন্নয়ন কার্যক্রমে প্রায় ৭-৮ বছর সময় লাগতে পারে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক উপস্থাপনায় বিসিএমসিএল ‘ওপেন-পিট’ বা উন্মুক্ত পদ্ধতির পক্ষে কয়েকটি কারণ তুলে ধরা হয়। সেখানে দেখানো হয়, উত্তর ও দক্ষিণ অংশে কয়লার স্তর তুলনামূলক কম গভীরতায়— প্রায় ১১৮ থেকে ২৫৬ মিটার। ভূগর্ভস্থ পদ্ধতিতে যেখানে মোট মজুদের মাত্র ১০-১২ শতাংশ উত্তোলন করা সম্ভব হতে পারে, সেখানে ওপেন-পিট পদ্ধতিতে প্রায় ৯০ শতাংশ কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া উত্তরাংশে কয়লা ও ওপরের মাটির স্তরের অনুপাত বা ‘স্ট্রিপিং রেশিও’ বা অপসারণ অনুপাত ৩ দশমিক ৩:১ এবং দক্ষিণাংশে ৬ দশমিক ৩:১। কোম্পানির মতে, এ অনুপাত তুলনামূলক কম হওয়ায় ওপেন-পিট পদ্ধতিতে উৎপাদন ব্যয় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা ও খননঝুঁকিও তুলনামূলক কম বলে উপস্থাপনায় উল্লেখ করা হয়।

বিসিএমসিএল আরও বলছে, ওপেন-পিট পদ্ধতিতে দেশীয় কয়লার ব্যবহার বাড়ানো গেলে কয়লা আমদানির ওপর নির্ভরতা এবং এ বাবদ বৈদেশিক মুদ্রার ব্যয় কমানো সম্ভব হতে পারে। খনি থেকে কাওলিন, ক্লে, সিলিকা স্যান্ডের মতো অন্যান্য খনিজও পাওয়া যেতে পারে, যা সিরামিক, মৃৎশিল্প ও কাচশিল্পে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

ওপেন-পিট পরিকল্পনার সবচেয়ে বড় সামাজিক প্রভাব হিসেবে উঠে এসেছে জমি অধিগ্রহণ ও মানুষের পুনর্বাসনের বিষয়টি। বিসিএমসিএলের হিসাব অনুযায়ী, প্রাথমিকভাবে ৪ বর্গকিলোমিটার বা প্রায় ১ হাজার একর এবং পর্যায়ক্রমে সর্বমোট ২২ বর্গকিলোমিটার বা প্রায় ৫ হাজার ৫০০ একর জমি ব্যবহারের প্রয়োজন হতে পারে।

এর ফলে বড়পুকুরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে প্রায় ২০টি গ্রামের ১৮ থেকে ২০ হাজার মানুষকে পুনর্বাসন করতে হতে পারে। পুনর্বাসনের অংশ হিসেবে একটি ‘মাইনিং সিটি’ গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, গ্রোথ সেন্টারসহ আধুনিক নাগরিক সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে একজনকে কর্মমুখী প্রশিক্ষণ এবং যোগ্যতা অনুযায়ী খনি নির্মাণ, উন্নয়ন ও উৎপাদন ঠিকাদারের অধীনে কর্মসংস্থানের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

কয়লা উত্তোলনের পর প্রায় ২ থেকে ৩ বর্গকিলোমিটার এলাকায় লেক তৈরি হতে পারে বলেও উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত সমীক্ষা বা ইআইএ অনুযায়ী পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা বা (ইএমপি) প্রণয়ন করে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

বিসিএমসিএলের হিসাবে প্রচলিত ‘ডিওয়াটারিং’ পদ্ধতিতে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮ হাজার থেকে ২২ হাজার ঘনমিটার পানি উত্তোলনের প্রয়োজন হতে পারে। এ চাপ কমাতে ‘কাট অব ওয়াল’ বা ‘সিলিং ওয়াল’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কোম্পানির দাবি, এর ফলে খনিতে পানির প্রবাহ কমবে এবং আশপাশের পানির স্তর ও কৃষিকাজে বিরূপ প্রভাব এড়ানো সম্ভব হবে। তবে বিস্তারিত সমীক্ষার মাধ্যমে এ দাবির বাস্তবতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছে কোম্পানিটি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উপস্থাপনায় বিসিএমসিএল দেখিছেয়েছে, বড়পুকুরিয়ায় ওপেন-পিট পদ্ধতি নিয়ে এর আগেও বিভিন্ন সমীক্ষা হয়েছে। ২০১৪ সালে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) হাইড্রো-জিওলজিক্যাল স্টাডি করে এবং পাম্পিং ও আংশিক ব্যারিয়ার ব্যবস্থার মাধ্যমে পানি ব্যবস্থাপনা করা সম্ভব বলে উল্লেখ করে। তবে বিস্তারিত টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডির সুপারিশ করা হয়। 

এ ছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের জন টি বয়েড ওপেন-কাট মাইনিং পদ্ধতি নিয়ে বিস্তারিত গবেষণার সুপারিশ করে। তাদের সুপারিশে পরিবেশ, ভূ-জলবিদ্যা এবং স্থানীয় জনগোষ্ঠীর বিষয়গুলো বিস্তারিতভাবে বিবেচনার কথা বলা হয়। ২০১৯ সালে জার্মান বিশেষজ্ঞ ড. থমাস ভন স্কয়ার্জনবার্গ একটি ওপেন-পিট মাইনিং ফিজিবিলিটি স্টাডি করার সুপারিশ করেন।

শুধু ওপেন-পিট নয়, বর্তমান খনির কেন্দ্রীয় অংশ থেকেও অতিরিক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ রয়েছে। বড়পুকুরিয়ার কেন্দ্রীয় অংশে ২২ কোটি ১০ লাখ টন ভূতাত্ত্বিক মজুদ থাকলেও ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মোট উত্তোলন হয়েছে মাত্র ১ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টন। রিকভারি রেট ৭ দশমিক ৮৪ শতাংশ। বর্তমান উৎপাদন সক্ষমতা বছরে ১০ লাখ টন।

চলমান চুক্তির আওতায় ৪৫ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রার বিপরীতে আগস্ট ২০২৬ পর্যন্ত প্রায় ৩৮ লাখ ৩৫ হাজার টন উত্তোলন হয়েছে। আরও ৬ লাখ ৬৬ হাজার টন উত্তোলন বাকি রয়েছে। এর বাইরে পেট্রোবাংলার গঠিত কমিটি অতিরিক্ত প্রায় ৩ লাখ ৬৯ হাজার টন কয়লা উত্তোলনের সুপারিশ করেছে। অনুমোদন পাওয়া গেলে চলমান চুক্তির আওতায় মোট ৪৮ লাখ ৬৯ হাজার টন কয়লা উত্তোলনের সুযোগ তৈরি হবে। 

বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। এর পরও নিরবচ্ছিন্ন কয়লা উত্তোলন চালু রাখার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের দলিল তৈরির কাজ চলছে। একই সঙ্গে ২০২৭ সালের পর বড় পুকুরিয়ার কেন্দ্রীয় অংশে উত্তোলনযোগ্য কয়লার মজুদ না থাকায় উত্তর ও দক্ষিণ অংশ থেকে নতুন করে উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত খনি বন্ধ থাকার আশঙ্কার কথাও উপস্থাপনায় বলা হয়েছে। অর্থাৎ বড়পুকুরিয়ার ক্ষেত্রে সরকারের সামনে এখন মূল প্রশ্ন হচ্ছে— বর্তমান ভূগর্ভস্থ খনি কতদিন চালানো যাবে এবং এরপর দেশীয় কয়লার উৎপাদন অব্যাহত রাখতে কোন পদ্ধতি গ্রহণ করা হবে।

বিসিএমসিএল বলছে, কেন্দ্রীয় অংশের পাশের উত্তরাংশে আরেকটি নতুন পদ্ধতি ‘পেস্ট ব্যাকফিলিং মাইনিং’ নিয়ে কাজ করছে বিসিএমসিএল। পেস্ট ব্যাকফিলিং মাইনিং হলো ভূ-গর্ভস্থ খনি থেকে কয়লা উত্তোলনের পর সৃষ্টি হওয়া ফাঁকা স্থান ভরাট করে খনির স্থায়িত্ব রক্ষার একটি আধুনিক প্রযুক্তি। প্রস্তাবিত এলাকার আয়তন ০ দশমিক ৮৬৪ বর্গকিলোমিটার এবং এখানে ৩ কোটি ১০ লাখ ৯০ হাজার টন কয়লার মজুদ রয়েছে। বছরে প্রায় ৬ লাখ টন করে ২৫ বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ টন কয়লা উত্তোলনের সম্ভাবনা দেখানো হয়েছে।

বিসিএমসিএলের পক্ষ থেকে এখনই ওপেন-পিট খনি নির্মাণের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন করতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি পরিচালনা এবং অংশীজনদের সঙ্গে পরামর্শসংক্রান্ত বিশ্লেষণ সম্পন্ন করার নীতিগত অনুমোদন ও দিকনির্দেশনা চাওয়া হয়েছে। এ প্রস্তাব গত ২ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে। এর আগে ২০২৩ সালে একই ধরনের সমীক্ষার প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। ২০২৫ সালে স্থানীয় জনগণসহ অংশীজনদের সঙ্গে আলোচনাসংক্রান্ত সমীক্ষা প্রস্তাবের নীতিগত অনুমোদন চাওয়া হয়। এখন সেই কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আবারও নীতিগত অনুমোদন ও দিকনির্দেশনা চাওয়া হয়েছে। তবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে বেশি গভীরতার কয়লা খনি অবস্থিত জয়পুরহাটের জামালগঞ্জে। এ খনির গভীরতা ৬৪০ থেকে ১ হাজার ১৫৮ মিটার। তথ্য-উপাত্ত অনুসারে, খনিটিতে ৫ হাজার ৪৫০ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। ১৯৫৯ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসবি) এ কয়লা খনি আবিষ্কার করে। এ খনির সম্ভাব্যতা সমীক্ষা করা হলেও কয়লা উত্তোলনে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। খনি আবিষ্কারের ছয় দশক পেরিয়ে গেলেও কয়লা উত্তোলনের সিদ্ধান্ত, প্রযুক্তিগত সক্ষমতা কিংবা বিদেশী কোনো কোম্পানির দ্বারস্থ হবে কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পেট্রোবাংলা।

এদিকে দিনাজপুরের দিঘীপাড়া কয়লাখনি আবিষ্কার হয় ১৯৯৫ সালে। এ খনিতে ৮৬৫ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া রংপুরের খালাসপীর কয়লা খনিতে ৬৮৫ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। দিনাজপুরের ফুলবাড়ীতে মজুদ রয়েছে ৫৭২ মিলিয়ন টন। 

যদিও ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে এর বিরোধিতা সবচেয়ে বেশি। ২০০৬ সালে ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়। আহত হয় বহু মানুষ। আন্দোলনকারীদের বক্তব্য হলো ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ করা হলে তা এখানকার জীবন-জীবিকা ও বাসস্থান এবং স্থানীয় প্রাণপ্রকৃতি, প্রতিবেশ ও বাস্তুসংস্থানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠবে। সে সময় জনগণের তীব্র আন্দোলনের মুখে ‘ফুলবাড়ী চুক্তি’ হয়। এরপর ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনসংক্রান্ত বিষয়টি ঝুলে থাকে ২০ বছর।

সংসদে প্রধানমন্ত্রী

ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রসঙ্গে গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় এক সংসদ সদস্যের প্রশ্নে জবাবে সরকারপ্রধান সংসদে বলেন, বিশ্বের ভালো মানের কয়লার মধ্যে ফুলবাড়ীর কয়লা একটি। তিনি বলেন, “আমরা এই কয়লাটিকে উত্তোলন করে যদি আমাদের জ্বালানিসংকট মেটাতে পারি, অবশ্যই সেটা দেশের জন্য বৈদেশিক মুদ্রা যে রকম সাশ্রয় করবে, একইভাবে দেশের জন্য সেটি ভালো হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “ওপেন পিট (উন্মুক্ত পদ্ধতি) যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি আছে, সেখানে কৃষিজমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব, কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট (স্থানান্তর) করা যায়। তাদের সেটেলমেন্টের ব্যবস্থা করে, তাদের যাতে আয়রোজগার বন্ধ না হয়, বরং সেই প্রকল্প গ্রহণ করলে প্রকল্প থেকেও যাতে তারা কোনো না কোনোভাবে বেনিফিট পেতে পারে, সেই সকল ব্যবস্থা পর্যালোচনা করেই এবং অবশ্যই পরিবেশের যে বিষয়টি আছে, সেটিকে গুরুত্ব দিয়েই আমরা যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করব।”

প্রযুক্তি ও পরিবেশ

দীর্ঘ সময় অতিবাহিত হলেও কয়লার বিশাল মজুত উত্তোলন না হওয়ার বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই-ইলাহী চৌধুরী বলেন, “কয়লা উত্তোলনের বিষয়ে শুরু থেকেই যে সংকটটি ছিল, সেটি হলো প্রযুক্তিগত সক্ষমতা না থাকা। দ্বিতীয়ত, পরিবেশ নিয়ে উদ্বিগ্নতা। প্রাণপ্রকৃতিকে রক্ষা করে কীভাবে খনি থেকে কয়লা উত্তোলন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায়নি। তবে একটি দৃঢ় ও শক্ত অবস্থান তৈরি করা গেলে হয়তো দেশের কয়লা সম্পদ উত্তোলন করা যেত। এই কয়লা দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি হিসেবে সরবরাহ করা গেলে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা ব্যয় কমানো যেত।”

ভবিষ্যৎ পরিকল্পনা

বিসিএমসিএলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড়পুকুরিয়ার বাইরে আরও কয়েকটি কয়লাক্ষেত্রের সম্ভাব্যতা যাচাই রয়েছে। জামালগঞ্জ কয়লাক্ষেত্রের উত্তর-পশ্চিম ১৫ বর্গকিলোমিটার এলাকায় বছরে প্রায় ২০ লাখ টন হারে ৩০ বছরে ৬ কোটি টন কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৩০ মাসের প্রাথমিক সমীক্ষার পরিকল্পনা রয়েছে।

খালাসপীর কয়লাক্ষেত্রের জন্য ৪৮ মাসের টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডির প্রস্তাব রয়েছে। সেখানেও বছরে প্রায় ২০ লাখ টন হারে ৩০ বছরে ৬ কোটি টন কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে। আর দিনাজপুরের দিঘীপাড়া কয়লাক্ষেত্র উন্নয়নের মাধ্যমে বছরে প্রায় ৩০ লাখ টন হারে ৩০ বছরে ৯ কোটি টন কয়লা উত্তোলনের সম্ভাবনার কথা বলা হয়েছে।

তবে বড়পুকুরিয়ায় ওপেন-পিটে যাওয়ার আগে জমি অধিগ্রহণ, ১৮ থেকে ২০ হাজার মানুষের পুনর্বাসন, পানি ব্যবস্থাপনা, পরিবেশগত প্রভাব ও প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা; এসব বিষয়ে বিস্তারিত সমীক্ষা ও অংশীজনের মতামতের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বিসিএমসিএলের উপস্থাপনায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, বড় বাধা পরিবেশ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত