মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাজারের ছয়টি স্বর্ণের দোকান ও একটি মুদিদোকান থেকে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ সময় এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পুলিশ জানায়, শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত হাউসদী বাজারের স্বর্ণপট্টিতে হানা দেয়। তারা প্রথমে ‘নিউ প্রিয়াংকা জুয়েলার্স’–এর তালা কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ওই সময় বাজারে মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি নৈশকালীন কাজ করছিলেন। তিনি বিষয়টি দেখে ফেললে ডাকাতেরা তাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে।
এরপর ডাকাতেরা একে একে শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ণ জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ কণিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স ও জিয়া স্টোর নামের একটি মুদিদোকানের আলমারি ও ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল বলেন, ‘আমার দোকানে ৩০ ভরি সোনা, ৫০০ ভরি রুপা ও নগদ প্রায় এক লাখ টাকা ছিল। ডাকাতেরা সব নিয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি।’ অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন।
খবর পেয়ে সকালে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাউসদী বাজারে কয়েকটি দোকানে ডাকাতির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন