নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহত পারভেজ স্থানীয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর ও পপি দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর তাদের দুই সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।
নিহত হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার রাত আটটার দিকে মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তিনি বাড়িতে ফেরেন।
পুলিশের ধারণা, ওই টাকা ও বাড়িতে থাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। লুণ্ঠন শেষে পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করা হতে পারে। এমনকি নিহতের স্ত্রীর কানের অলংকারও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দম্পতিকে গলা কেটে এবং শিশুদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল এবং পরিচয় প্রকাশ পাওয়ার ভয়ে সবাইকে হত্যা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন