সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা কাটারিভোগ চালের মধ্যে ৫৭০ বস্তা চাল ও ট্রাকটি উদ্ধার করেছে কালিয়াকৈর থানা-পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কালিয়াকৈর বাজারের পাঁচটি গুদাম থেকে এই চাল এবং ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন কালিয়াকৈর বাজারের ব্যবসায়ী লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারিভোগ চাল নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেট কার দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশের একটি ধানখেতে ফেলে রাখা হয়। দুর্বৃত্তরা চালবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় একটি অভিযোগ করেন।
পরবর্তীতে শিমলা থানা-পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযানে নামে কালিয়াকৈর থানা-পুলিশ। আজ দুপুরে কালিয়াকৈর বাজারের ব্যবসায়ী লিটন সরকার, স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গুদাম থেকে মোট ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ছাড়া ফুলবাড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাক ও লুট হওয়া চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন