গাজীপুরের কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ দিয়ে ফেরার পথে বজ্রপাতে মো. জাকির হোসেন খান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ওই গ্রামের সুলতান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরেও স্থানীয় একটি বিল থেকে মাছ ধরেন জাকির। সকালে সেই মাছ বিক্রির জন্য এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে যান। সেখানে তার সঙ্গে বন্ধু শরীফের দেখা হয়। শরীফ তার নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ পাঠিয়ে দিতে বললে জাকির তা নিয়ে রওনা দেন। ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
বাজার থেকে ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি জাকিরকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন