বরিশালের গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজ অন্য প্রতিষ্ঠানকে হস্তান্তরের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দেওয়া হয়েছে। এতে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বেসরকারি সংস্থা ‘টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর পক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) এই নোটিশ পাঠান বরিশাল জজকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন মিজান।
নোটিশে অভিযোগ করা হয়, গৌরনদী পৌরসভায় হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের জন্য ২০২৫ সালে টিপিডিও অনুমোদন পায়। তবে অ্যাসেসমেন্ট কার্যক্রমের কারণে কাজটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। চলতি বছরের ১৫ মার্চ পুনরায় কাজ করার অনুমতি দিলে সংস্থাটি প্রায় ১০ হাজার প্লেট প্রস্তুত করে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়। কিন্তু সম্প্রতি টিপিডিওকে কোনো কিছু না জানিয়ে কাজটি অন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে। এতে সংস্থাটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান বলেন, ‘আমার মক্কেলের ক্ষতিপূরণ দাবি করে পৌর প্রশাসককে নোটিশ দেওয়া হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘পৌরসভা থেকে একটি আবেদনের কাগজ পেয়েছিলাম, তবে বিস্তারিত যাচাইয়ের সুযোগ হয়নি। যাদের কাজ দেওয়া হয়েছে তারা আমার পরিচিত কেউ নয়। তবে টিপিডিও চাইলে আমার অফিসে আসতে পারে। তাদের পূর্ব অভিজ্ঞতা থাকলে বিষয়টি বিবেচনা করা হবে।’
আপনার মতামত লিখুন