নওগাঁয় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ভ্যান এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর মডেল থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাটের আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫) ও মো. হাসান (৩০) এবং বগুড়ার মো. রনি ও হামিদুল ইসলাম (৩২)।
পুলিশ সুপার জানান, সোমবার রাতে সাহাপুর এলাকায় একদল ডাকাত মালবাহী যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সরঞ্জামসহ ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি শাবল, দুটি হাসুয়া, একটি হ্যাসকো ব্লেড, দুটি টর্চলাইট ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এই চক্রটি বগুড়া ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে ডাকাতির পাশাপাশি মাটির নিচে থাকা বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির সঙ্গেও জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন