নরসিংদীর শিবপুর ও মাধবদীতে পৃথক দুটি ঘটনায় দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে শিবপুর মডেল থানা ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবপুর উপজেলার সাতপাইকা গ্রামের আতিকুর রহমান ওরফে সেতেরা (৭০) এবং মাধবদীর আমদিয়া ইউনিয়নের মো. রাব্বি (১৪) ও মো. সীমান্ত (১৪)।
শিবপুর থানা-পুলিশ জানায়, গত মঙ্গলবার সাতপাইকা গ্রামের সাত বছর বয়সী এক শিশু আতিকুর রহমানের দোকানে সওদা করতে যায়। এ সময় আতিকুর তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আতিকুর পালিয়ে যান। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।
শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মাধবদী থানা এলাকায় গত সোমবার ৯ বছরের এক শিশুকে ডেকে নিয়ে শ্মশানের পাশে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে দুই কিশোর। এ সময় তারা মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুটির মা অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রাব্বি ও সীমান্ত নামের দুই কিশোরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভিডিও ধারণকৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার কিশোরদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন